বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় গান "একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান" নিয়ে বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। সম্প্রতি এক সংবাদ পরিবেশনের সময় ময়ূখ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে কবিতার লাইন উল্লেখ করে প্রশ্ন তোলেন "কিসের কুসুম?" — যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপরই রাজ্য জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।
তবে বিতর্ক চরমে ওঠে যখন ময়ূখ রঞ্জন ঘোষ তাঁর ভিডিওতে বলেন, “যদি আপনার মনে হয় আপনি সেক্যুলার, বেরিয়ে যান... এই দেশ থেকে বেরিয়ে যান।” এই মন্তব্যকে সংবিধান অবমাননা হিসেবে দেখছে অনেকেই। ইতিমধ্যে রাজ্যের প্রায় ৪৫টি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
এরপর একেএকে বিধাননগর উত্তর থানা, হাসনাবাদ থানা, ডোমকল থানা, বসিরহাট থানা, জীবনতলা থানা, হাতিশালা থানা ,পোলেরহাট থানা, উত্তর কাশিপুর থানা ইত্যাদি একাধিক থানায় FIR দায়ের হয় তাই এবার কার্যতই চাপে পড়ে গেল রিপাবলিক বাংলা নিউজ চ্যানেল।
তবে শুধুমাত্র মামলা করেই ক্ষান্ত নন প্রতিবাদকারীরা, ২৮শে এপ্রিল এন আর সি বিরোধী নেতা মানিক ফকিরের নেতৃত্বে নিউ টাউনে রিপাব্লিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান একদল ছাত্র-যুব!
এদিকে ময়ূখ রঞ্জন ঘোষ কিংবা সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে গোটা রাজ্যে এই ঘটনাকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।











