কৃষ্ণনগর, ১ মে
আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর এই বিশেষ দিনেই নিজেদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে পথে নামলেন নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মিড ডে মিল সহায়িকারা। কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে 'অখিল ভারত মিড ডে মিল সহায়িকা সমিতি' (AMMA)-র উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ সভা ও সমাবেশ।
সহায়িকাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে কাজ করছেন। তাও সময়মতো মজুরি না পাওয়া, পিএফ, পেনশন, সামাজিক সুরক্ষা না থাকা, ও অব্যবস্থাপনার অভিযোগে অতিষ্ঠ তাঁরা। সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে— কমপক্ষে মাসিক বেতন ₹২১,০০০, অবসরকালীন ভাতা, চিকিৎসা ও সামাজিক সুরক্ষা সহ পূর্ণ সময়ের সরকারি কর্মচারীর মর্যাদা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ, সংগঠনের এক প্রতিনিধি সংবাদমাধ্যমের সামনে বলেন, “আজ শ্রমিক দিবসে যখন সমস্ত শ্রমজীবীরা তাঁদের অধিকার নিয়ে সরব, তখন মিড ডে মিল সহায়িকারা এখনও অবহেলিত। আমাদের পরিশ্রমের যোগ্য সম্মান চাই।”
বিক্ষোভকারীদের দাবি, মিড ডে মিল প্রকল্পে সহায়িকারা শিশুদের খাবার তৈরির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অথচ তাঁদের ন্যায্য মর্যাদা ও সুরক্ষা নেই। অনেক সময় নিজের পকেট থেকে খরচ করেও কাজ চালাতে হয়।
এই আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন সংগঠনের কর্মীরা— কাজের মান ও পরিমাণ অনুযায়ী ন্যায্য মজুরি এবং সম্মান ছাড়া আন্দোলন থেকে পিছু হটবেন না তাঁরা।












